রাজনীতি

আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে : নাসিম

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতকে দেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না। আগামী নির্বাচনে যে কোনো উপায়ে আমাদের জিততে হবে। সে জন্য কোনো ভুল করা যাবে না। সবাইকে সাবধান থাকতে হবে।রাজধানীর ধানমন্ডি থানাধীন ম্যারিয়ট কনভেশন সেন্টারে আয়োজিত ঢাকা-১০ আসনের সকল মুক্তিযোদ্ধাদের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।মোহাম্মদ নাসিম বলেন, ২১টা বছর আমরা শুধু পিছিয়ে যাই নাই। দেশটা যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। শেখ হাসিনা আবারও ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়েছেন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্টত্ব অর্জন করেছেন।তিনি বলেন, মনি ভাইয়ের সঙ্গে আমার ধানমন্ডিতে দেখা হয়েছিল। ভাবি নাই মনি ভাইকে আর দেখতে পারবো না। তিনিই সুযোগ দিয়েছিলেন কেন্দ্রীয় রাজনীতিতে আসার জন্য। আশা করছি তার সুযোগ্য ছেলে তাপসের নেতৃত্বে ধানমন্ডির রাজনীতি আরও বিশাল আকার ধারণ করবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুক্তিযুদ্ধের চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা চলেছে। কিন্তু শেখ হাসিনা এসে সব পরিবর্তন করেছেন।নাসিম বলেন, সব কিছু ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেছেন, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকে যেভাবে বিদায় করে দেয়া হয়েছে তেমনি চেষ্টা চলছে। জঙ্গিবাদ দমে আওয়ামী লীগের যে সফলতা তা অনেকে ভালভাবে দেখছে না। আমাদের আত্মতৃষ্টির কিছু নাই। আমাদের সাবধান থাকতে হবে।নাসিম বলেন, বিএনপি-জামায়াতকে বলতে চাই, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। শেখ হাসিনা মাথা নত করতে জানে না। সাবধান। ষড়যন্ত্র ছাড়ুন।জেইউ/এআরএস/পিআর