দেশজুড়ে

চট্টগ্রামে বিএনপির প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ

প্রথমবারের মত দলীয় প্রতীকে দ্বিতীয় ধাপে ৩১ মার্চ (বৃহস্পতিবার) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই হামলা, ভাঙচুর লুটপাট এবং সহিংসতার ঘটনা ঘটছে। গত এক সপ্তাহে জেলার সীতাকুণ্ড, সন্দ্বীপ, মীরসরাই ও ফটিকছড়িতে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর হামলা, মামলা ও প্রশাসন দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামাল উদ্দিনের ব্যবসায়িক অফিসে হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। রাত সাড়ে ৯টার দিকে ফৌজদারহাটস্থ সিডিএ রাস্তার মাথায় কামাল উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ৭/৮ জন সন্ত্রাসী মুখে কালো কাপড় বেঁধে মোটর সাইকেল যোগে এসে আকস্মিক গুলি শুরু ছুড়ে।এ সময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের দরজা ভেঙ্গে প্রবেশ করে কাগজপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন কামাল উদ্দিন।ঘটনাস্থলের অদূরেই কর্তব্যরত পুলিশকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে জানান স্থানীয়রা।  তবে এ সময় অফিসের ভেতরে কেউ ছিল না। কামাল উদ্দিন আসন্ন ইউপি নির্বাচনে সলিমপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে গত ২৪ মার্চ রাতে সীতাকুণ্ডে বিএনপি মনোনীত সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরউদ্দিন জাহাঙ্গীরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দীন জাহাঙ্গীর জানান, ঘটনার দিন রাত পৌনে ৮টায় দিকে ১৫/২০জন মুখোশধারী সন্ত্রাসী মাইক্রোবাস নিয়ে এসে বার আউলিয়া মাজারের উত্তর পার্শ্বে তার মালিকানাধীন বার আউলিয়া মেডিকেল হল নামক ওষুধের দোকানে হামলা চালায় এবং টাকা লুট করে। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। নির্বাচন থেকে সরে দাঁড়াতে সন্ত্রাসীরা তাকে এবং তার লোকজনকে হুমকি দিয়ে আসছে।সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, নির্বাচনকে ঘিরে দুই একটি জায়গায় বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা হয়েছে। আমরা এ ব্যাপারে তদন্ত করছি। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।এদিকে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি প্রার্থীদের হুমকি ধমকি ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। গত ২৮ মার্চ রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের মেম্বার প্রার্থী মোশারফ হোসেনর বাড়ীতে ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক  ভাংচুর করেছে।সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, গাছুয়া ইউনিয়নে মেম্বারের প্রার্থীর বাড়ীতে সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কারা কি কারণে এ হামলা করেছে সেটা আমরা তদন্ত করে জানাতে পারবো। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি লায়ন আসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, মিরসরাই, সন্দ্বীপ ও সীতাকুণ্ডে ইউপি নির্বাচনের ফলাফলকে নিজেদের অনুকূলে নেয়ার জন্য মরিয়া হয়ে সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেছে সরকার দলীয় প্রার্থীরা। নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে চলছে হামলা-ভাংচুর। প্রার্থী সমর্থকদের গণহারে গ্রেফতার করে তৈরি করা হয়েছে ভীতিকর পরিবেশ।উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলার মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।জীবন মুছা/এমএমজেড/আরএস/এমএস