দেশজুড়ে

প্রিমিয়ার ভার্সিটি ছাত্র নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রামের প্রিমিয়ার ভার্সিটিতে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ (২৪) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সোহানকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।মঙ্গলবার গভীর রাতে নিহত সোহেল আহমেদের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের বাদি হয়ে চকবাজার থানায় এজহার দায়ের করেন। বুধবার পুলিশ মামলাটি নথিভুক্ত করে (মামলা নং ১৯। এজাহারে আশরাফুল ইসলাম (২০), ওয়াহিদুজ্জামান (২১),গোলাম মোস্তাফা (২২), জিয়াউল হায়দার (২২), তামিমুল আলম (২৪), সোহান, সাঈদ,  জয়নাল, উজ্জ্বল, তারেক, আবিব, সায়েম এবং সাইফুলের নাম উল্লেখ করা হয়েছে। চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় যাদের নাম উল্লেখ আছে তাদের মধ্যে প্রথম পাঁচজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।এদিকে বুধবার দ্বিতীয় দফা নামাজে জানাযা শেষে সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কবরস্থানে সোহেল আহমেদের লাশ দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম নামাজে জানাযায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।জীবন মুছা/এমএমজেড/এমএস