তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা বাতিল চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এদিন আদালতের শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তবে মির্জা আব্বাসের কোনো আইনজীবী আদালতে ছিলেন না।জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের জুলাইতে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস।খুরশীদ আলম খান জানান, এ মামলায় কয়েজনের সাক্ষ্য নেয়া হয়েছে। তাই নিয়ম অনুসারে সাক্ষী চলাকালে মামলা বাতিল করা যায় না। এ কারণে মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এখন নিম্ন আদালতে এ মামলা চলতে বাধা নেই।এফএইচ/এসএইচএস/এবিএস