ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে সাতক্ষীরায় ভোট কারচুপি ও অনিয়ম হওয়ায় নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছিল সেখানকার পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরকে। তিনি তলবে সাড়া নিয়ে বুধবার হাজিরও হয়েছিলেন ইসিতে। কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। প্রায় তিন ঘণ্টার শুনানি চলাকালে ইসিতে অপেক্ষামাণ সাংবাদিকরা চৌধুরী মঞ্জুরুল কবীরকে তিনটি প্রশ্ন করেন। কিন্তু তিনটি প্রশ্নের জবাব দেন ‘এ বিষয়ে বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আর সেটিতে আমার কোনো মন্তব্য নেই’। তার এধরনের হেয়ালিপূর্ণ উত্তরে ইসিতে হাস্যরসের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ইসির সভাকক্ষে আয়োজিত ওই শুনানি শেষ হয়।প্রথমে তাকে প্রশ্ন করা হয়েছিল, সাতক্ষীরায় ভোটের আগের রাতেই সিল মারা হয়েছিল,আপনার মন্তব্য কী? মঞ্জুরুল কবীর বলেন, ‘এ বিষয়ে বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আর সেটিতে আমার কোনো মন্তব্য নেই’।দ্বিতীয় প্রশ্ন ছিল, সাতক্ষীরায় যে অনিয়ম হয়েছে এর দায় কি আপনি নিচ্ছেন? জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আর সেটিতে আমার কোনো মন্তব্য নেই’।তৃতীয় প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন আপনাদের তলব করেছিল, বৈঠকে আপনারা কি বলেছেন? তিনি আবারও বলেন, ‘এ বিষয়ে বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আর সেটিতে আমার কোনো মন্তব্য নেই’।গত ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনের সময় সাতক্ষীয়ায় অনিয়মের কারণে ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। একই সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ থানার ওসি এবং এসপিকে অনিয়মের কারণ ব্যাখ্যা করতে তলব করে সংস্থাটি। সে মোতাবেক তারা ইসিতে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেয়।এইচএস/একে/এবিএস