আন্তর্জাতিক

লোকসভা জয়ের ডাক দিলেন মমতা

বিধানসভার পর এবার লোকসভা জয়ের ডাক দিলেন পশ্চিমবঙ্গে অগ্নিকন্যা বলে খ্যাত তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি। জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারসভায় মমতা বলেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে আমরা জয় নিশ্চিত করবো এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে আমরা বিজেপি সরকারকে হটাবো। মমতার এই ঘোষণার পরই নতুন করে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। মমতা এদিন জঙ্গলমহলে প্রচার করেন। তিনি বলেন, কংগ্রেস ও বামফ্রন্ট দুই পাশে দুটি কলা গাছ আর মাঝখানে বিজেপি মহারাজ হয়ে বসে আছে। বিজেপির সঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেসের আঁতাত আছে বলেও অভিযোগ করেন মমতা। এর আগে মঙ্গলবার কলকাতায় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভরতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কারখানা তৈরি হয়েছে তবে সেটা বোমার কারখানা। বামফ্রন্টের সময়ে রাজ্যের অবৈধ আর্থিক প্রতিষ্ঠান চিটফান্ডের জন্ম হলেও এর উন্নতি হয়েছে দিদির সময়ে। আর সারদার মামলা রাজ্য পুলিশ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির সভাপতি অভিযোগ করেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীরাই মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক। অনুপ্রবেশ আগের চেয়ে অনেক বেড়েছে বলেও দাবি করেন কেন্দ্রের শাসক দলের ওই শীর্ষ নেতা। আর মাত্র কয়েক দিন পর (৪ এপ্রিল) পশ্চিমবঙ্গের ছয় দফার নির্বাচনের প্রথম দফা ভোট শুরু হচ্ছে জঙ্গলমহলসহ মাওবাদী প্রভাবিত জেলা গুলোতে। আর সে কারণেই পশ্চিমমেদেনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রচারপ্রচারণায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ করছেন।এদিকে জঙ্গলমহলে প্রচারের শেষ মুহূর্তে সেলিব্রেটিরাও প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। মঙ্গলবার মেদেনীপুরে এইভাবে কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার চালান অভিনেতা ও কংগ্রেসের রাজ্য সভার সদস্য রাজ বাব্বর। রাজবাব্বর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, রাজ্যটিতে উন্নয়ন কিছুই হয়নি। শুদুই দলটির শীর্ষ নেতারা প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়েছেন। আর কিছুই হয়নি। পশ্চিমবঙ্গসহ আসাম, কেরল, পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচন হচ্ছে একই সময়ে। পশ্চিমবঙ্গে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস নির্বাচনীয় লড়াইয়ে সামিল হয়েছে।এআরএস/পিআর