দেশজুড়ে

নাসিকের ঠিকাদারকে ছাড়িয়ে নিতে থানায় মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে শহরের জিমখানা দেওভোগ এলাকায় রেলওয়ের জমিতে নির্মাণাধীন হাতিরঝিল পার্কে গ্রেফতারকৃত রত্না এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক ঠিকাদার জাকিরকে ছাড়িয়ে নিতে থানায় অবস্থান নিয়েছেন মেয়র সেলিনা হায়াত আইভী। এসময় তিনি বলেন, আমাকে গ্রেফতার করেন নতুবা নাসিকের ঠিকাদারকে ছেড়ে দিতে হবে। একপর্যায়ে আইভীর সঙ্গে ওসির তুমুল বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।বুধবার রাত ১টা পর্যন্ত শত শত লোকজন নিয়ে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী থানায় অবস্থান করেন। একপর্যায়ে আইভীর নেতৃত্বে লোকজন রাস্তায় অবস্থান নেয় একং নগরে আর কোনো উন্নয়ন হবে না বলে হুশিয়ারি দেন আইভী। এঘটনায় নারায়ণগঞ্জে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়।এদিকে মেয়র আইভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক একটি বিশেষ মহলের ইশারায় সিটি কর্পোরেশনের ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আর অপরাধ করলে আমি করেছি। আমি কাজের টেন্ডার দিয়েছি। মামলা হলে আমার নামে মামলা হবে। যদি কাউকে আদালতে চালান করতে হয় তাহলে আমাকে চালান করতে হবে। প্রয়োজনে সারারাত থানায় বসে থাকবো তবুও অন্যায় হতে দেবো না।আইভী আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে একটি মহল একের পর নানাভাবে ষড়যন্ত্র করছে। আর সেই বিশেষ মহলের ইশারায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। কাজে ব্যাঘাত ঘটাতে, নারায়ণগঞ্জের পরিস্থিতিকে অস্থির করতে এধরনের জঘন্য কাজ করছে।পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিমখানা এলাকায় সম্প্রতি রেলওয়ের জায়গা দখল করে মাটি কাটার কাজ করছিল মো. সুফিয়ান ও জাকির হোসেন নামের সিটি কর্পোরেশনের দুই ঠিকাদার। বিষয়টি জানতে পেরে রেলওয়ের স্টেট অফিসার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল ওই জায়গা পরিদর্শনে গিয়ে মাটি কাটতে নিষেধ করে দুই কন্ট্রাক্টরকে।এসময় ঠিকাদার সুফিয়ান ও জাকির রেলওয়ের টিমের ওই সদস্যদের উপর হামলা করে সরকারি কাজে বাধা প্রদান করে। এই ঘটনায় বুধবার সুফিয়ান, জাকিরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ দুই ঠিকাদারের একজন জাকিরকে গ্রেফতার করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রাত ১১টার দিকে দলবল নিয়ে সদর মডেল থানায় প্রবেশ করে আসামিকে ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়।রেলওয়ের স্টেট অফিসার ইকবাল হোসেন জানান, রেলওয়ের জায়গা দখল ও সরকারি কাজে বাধা প্রদানের ওই ঘটনায় আমি বুধবার বিকেলে বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করি। মাামলায় দুই ঠিকাদার সুফিয়ান ও জাকির হোসেনকে আসামি করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, থানার নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।মো. শাহাদাত হোসেন/বিএ