রাজনীতি

দুর্নীতি এখন ইউনিয়ন পর্যায়ে চলে গেছে : নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান অাবদুল্লাহ আল নোমান বলেছেন, দুর্নীতি এখন ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে ইউনিয়ন পর্যায়ে এখন নির্বাচন করতে হলে থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের লক্ষ লক্ষ টাকা দিতে হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।তিনি বলেন, আগেও দুর্নীতি হতো, কিন্তু আমরা সে দুর্নীতি বুঝতাম না। প্ল্যানিং কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সে দুর্নীতি হতো। বড় বড় মন্ত্রীরা বিভিন্ন প্রক্রিয়ায় প্রকল্পে দুর্নীতি করতো। কিন্তু সে দুর্নীতি এখন ইউনিয়ন পর্যায়ে চলে গেছে।বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। দুর্ভাগ্য, স্বাধীনতার ৪৫ বছর পরেও আমাদেরকে এখনো সেই গণতন্ত্রের জন্যই লড়াই করতে হচ্ছে। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সে লড়াই করছি। এ লড়াইয়ে প্রয়োজনে আবারো জীবন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে, দাবি আদায় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ সংগ্রাম চলবে।এ প্রসঙ্গে নোমান আরো বলেন, জনগণ এ সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তত হচ্ছে। এখন আমাদের প্রয়োজন অগ্রবাহিনী, রাজনৈতিক নেতৃত্ব ও কৌশল নির্ধারণ। সঠিক কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে পারলে জয় আমাদের সুনিশ্চিত।জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু;  জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী প্রমুখ।এমএম/এসএইচএস/পিআর