দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আনজুম সুলতানা সীমা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের কার্যালয়ে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সীমা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য।
নির্বাচনের বিষয়ে আনজুম সুলতানা সীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এ ক্ষেত্রে আমি আমার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। কুমিল্লা-৬ আসনের মানুষ মনে-প্রাণে আমাকে চায়। আশা করছি বিপুল ভোটে এ আসন থেকে আমি নির্বাচিত হবো।
তিনি আরও বলেন, আমার বাবা আফজল খান ও ভাই ইমরান খান বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তাদের স্বপ্ন পূরণ এবং কুমিল্লার মানুষের উন্নয়নে কাজ করে যাবো।
এদিকে আসনটিতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারকে। তিনি এ আসনের টানা তিন বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম