গাজীপুরে বিপুল পরিমাণ তাজা ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া পূর্বপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া পূর্বপাড়া এলাকায় পুকুর পাড়ে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তালা খুলে ওই ঘর থেকে ২০টি তাজা ককটেল এবং ৩টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।তিনি জানান, বাড়ির মালিক ফরিদ উদ্দিন ঢাকায় থাকেন। বাড়ি দেখাশুনা করেন তার ম্যানেজার সোহেল। ১১ কাঠা জমিতে ২৯টি ঘর তৈরি করে তা ভাড়া দিয়েছেন বাড়ির মালিক। ১৫ নং কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিক ফরিদ উদ্দিন ও ম্যানেজার সোহেলকে আটক করেছে।তিনি আরও জানান, কি উদ্দেশ্যে, কারা, কিভাবে এ বিপুল পরিমাণ বোমা এখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আমিনুল ইসলাম/এসএস/এবিএস