দেশজুড়ে

শীতলক্ষ্যায় ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।নিহত ছাত্রের নাম সাদিকুল ইসলাম (১২)। সে উপজেলার পাঁচরুহা গ্রামের মাইন উদ্দিনের ছেলে এবং কাপাসিয়া আরাবিয়া ছাইদিয়া মাদরাসার ছাত্র।কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মাদরাসার তিন ছাত্র (সাদিকুল, ইব্রাহিম ও জহিরুল) সকাল ৮টার দিকে মাদরাসার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর সাফাইশ্রী খেয়াঘাট এলাকায় গোসল করতে যায়। এক পর্যায়ে সাদিকুল নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গের ছাত্ররা তাকে খোঁজাখুঁজি করে এবং মাদরাসায় খরব দেয়। এ সময় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী স্থানীয় জেলেদের সাহায্যে সাদিকুলকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে সাদিকুলের মরদেহ উদ্ধার করেন।                        আমিনুল ইসলাম/এসএস/এবিএস