রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকা থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ মো. মাসুদ রানা (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ। তিনি বলেন, র্যাব-২ এর গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আগারগাঁও নিউ কলোনি কবর স্থানের গেটের সামনে পাকা রাস্তার উপর অস্ত্র ব্যবসায়ী অবস্থান নিয়ে অস্ত্র বেচাকেনা করে আসছে। এমন খবরে নজরদারীর মাধ্যমে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে বিকেল সাড়ে ৪টার দিকে মো. মাসুদ রানা ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, দীর্ঘদিন যাবৎ সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন ঘটনায় ও অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।জেইউ/এসকেডি/পিআর