ঢাকা-বরিশাল-ঢাকা আকাশ পথে ফ্লাইট পরিচালনা শুরু করেছে আরেকটি বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা নভোএয়ার। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের পর এবার তৃতীয় ফ্লাইট সার্ভিস হিসেবে এ রুটে যাত্রী পরিবহন করা শুরু করেছে সংস্থাটি। শনিবার দুপুরে বরিশাল বিমানবন্দরে নভোএয়ারের ঢাকা-বরিশাল-ঢাকা রুটের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। কেক কেটে ফ্লাইট সার্ভিসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের জেবুন্নেছা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ মো. টিপু সুলতান।নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সভাপতিত্বে বিমানবন্দর লাউঞ্জে অনুষ্ঠিত উদ্বোধনী সুধী সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মুলাদীর ইউএনও আবদুল্লাহ আল মাসুদ, বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হানিফ গাজী, নভোএয়ারের হেড অব মার্কেটিং সোহেল মজিদ, সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, সংস্থার বরিশাল অফিস ইনচার্জ নেওয়াজ মাহমুদ প্রমুখ। সংস্থাটির বরিশাল অফিস ইনচার্জ নেওয়াজ মাহমুদ জানান, ঢাকা-বরিশাল-ঢাকা আকাশ পথে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতি সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার চারটি ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। এ রুটের সর্বনিম্ন ভাড়া (ইকোনমি ক্লাস) জনপ্রতি তিন হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬৮ আসনের উদ্বোধনী ফ্লাইটে ঢাকা থেকে আসা ৬৭ জন যাত্রী অবতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরিশাল বিমানবন্দর থেকেও ৬৭ জন যাত্রী নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নভোএয়ারের বিমানটি।সাইফ আমীন/এআরএ/আরআইপি