রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের হওয়া ৬৮টি মামলায় তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিকেলে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।এর আগে কয়েকটি জেলায় মানহানির অভিযোগে করা মামলায় জামিন পান তিনি। মাহফুজ আনামের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।সেনা নিয়ন্ত্রিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল।’তার ওই স্বীকারোক্তির পর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিভিন্ন আদালতে ৮০টিরও বেশি মামলা হয়েছে। প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা। মামলাগুলো আমলে নিয়ে এরই মধ্যে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং সমনও জারি করা হয়েছে। কয়েকটি মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন।এফএইচ/একে/এবিএস