গাজীপুরে ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ভাইসহ তিনজন। রোববার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। নিহতের নাম পরেশ চন্দ্র ঘোষ (৬৫)। তিনি স্থানীয় যোগেশ চন্দ্র ঘোষের ছেলে। তিনি সালনা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আহতরা হলেন- নিহতের ভাই নরেশ চন্দ্র ঘোষ (৫৮), ভাইপো বিধান কৃষ্ণ ঘোষ ও মৃনাল চন্দ্র ঘোষ। আহতদের রাতেই গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের ভাইপো আশোতোষ ঘোষ জানান, রাত দুইটার দিকে ৮-১০ জনের মুখোশ পরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির গেইটের তালা ভেঙে ও কেটে ভিতরে প্রবেশ করে। নরেশ, বিধান ও মৃনালকে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ সময় পাশের পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয়া। দরজা ভাঙার শব্দ পেয়ে পরেশের ছেলে গৌতম ঘোষ পলাশ দরজার কাছে এসে ডাকাতদের চিনে ফেলছে বলতেই ডাকাতরা গুলি ছুড়ে। এ সময় পলাশের পেছনে দাঁড়িয়ে থাকা তার বাবা মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আশোতোষ আরও জানান, ডাকাতরা তার মাথায়ও পিস্তল ঠেকিয়ে রাখে এবং তার মায়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, খুন ও ডাকাতি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা যায়নি।আমিনুল ইসলাম/এসএস/এমএস