দেশজুড়ে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন (৩৬) কালিয়াকৈর উপজেলার খলিশাজানি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা বেগমকে প্রায়ই নির্যাতন করতো স্বামী কফিল উদ্দিন। আর এরই জেরে ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি রাতে কফিল উদ্দিন তার স্ত্রী মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ডটি আত্মহত্যার কথা বলে প্রচার করে স্বামী কফিল উদ্দিন।  ঘটনার দুই দিন পর নিহতের ভাই মেগু মিয়া বাদী হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত স্বামী কফিল উদ্দিনের বিরুদ্ধে ওই বছরের ১২ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক কফিল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ফজলুল কাদের এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. আব্দুল খালেক।আমিনুল ইসলাম/এআরএ/পিআর