বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার শিশুদের অধিকার রক্ষায় অত্যন্ত যত্নশীল। শিশুদের অধিকার রক্ষা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ছেলে শিশু ও মেয়ে শিশুদের বৈষম্য দূর করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইউনিসেফের আবাসিক প্রতিনিধি ইডওয়ার্ড বিগবেডার সোমবার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করলে একথা বলেন তিনি। এসময় ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান রোজ এনি পাপাভেরো উপস্থিতি ছিলেন। সাক্ষাৎকালে তারা শিশুদের সুরক্ষা, শিশু অধিকার সনদ, শিশুদের অপরাধ বয়স, বাল্যবিবাহ রোধ, শিশুবান্ধব বাজেট, ছেলে মেয়েদের বিবাহের নূন্যতম বয়স ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।ইউনিসেফ প্রতিনিধি বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে শিশুদের অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করেছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি এই আইনের যথাযথ বাস্তবায়নের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। তিনি শিশুদের অপরাধের বয়স ৯ থেকে আরো বৃদ্ধি করার আহ্বান জানান। স্পিকার বলেন, শিশুদের অধিকার রক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো প্রস্তাবনা আসলে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এইচএস/একে/পিআর