ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮৩ জন। দেশটির কর্মকর্তারা বলছেন, সোমবার সেনাবাহিনীর ক্যাম্প ও দেশের বিভিন্নস্থানে সন্দেহভাজন আইএসের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে কৌশলগত কারণে দেশটির গুরুত্বপূর্ণ আনবার প্রদেশের পশ্চিমে আইন আল-আসাদ বিমানঘাঁটির কাছে আল-বাগদাদি শহরে। আইএসের গাড়ি বোমা হামলায় শহরটিতে অন্তত ২৬ সেনা নিহত হয়েছে।সালাহউদ্দিন প্রদেশের পুলিশের এক কর্মকর্তা বলেন, আইএসের পৃথক হামলায় সরকারপন্থী ছয় মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৮ যোদ্ধা। এছাড়া ফয়জুল্লার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ব্যারাকে এই জঙ্গিগোষ্ঠীর হামলায় ১৩ নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে।এদিকে, বাগদাদের মেশাহদা এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে তিন সরকারপন্থী মিলিশিয়া যোদ্ধা নিহত ও ১০ জন আহত হয়েছে। বাগদাদের উত্তরাঞ্চলে নিরাপত্তা চৌকির কাছে অপর এক আত্মঘাতী বিস্ফোরণে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নাসিরিয়াহ শহরে এক রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে ৫ বেসামরিক নাগরিক নিহত ও ২৩ জন আহত হয়েছে। এছাড়া বসরা সিটিতে গাড়ি বিস্ফোরণে ৫ জন, আল নাসার এলাকায় মর্টার শেলের আঘাতে দুইজনের প্রাণহানি ঘটেছে। ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত ইরাকের মশুল শহরে সেনাবাহিনীর অভিযান অব্যাহত ছিল। তবে আগামী কয়েকদিন এ অভিযান স্থগিত থাকবে। এসআইএস/পিআর