বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় যাত্রীবাহী সাকুরা পরিবহনের চাপায় আজিজ হাওলাদার (৫০) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিকেল পৌঁনে ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাকুরা পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে মহাসড়কের মুন্ডুপাশা পয়েন্টে অবরোধ করে। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। প্রায় আধাঘণ্টা পর থানা পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। নিহত আজিজ হাওলাদার মুন্ডুপাশা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে। তিনি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স’র কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ হাওলাদার মোটরসাইকেল নিয়ে মহাসড়ক ধরে মুন্ডুপাশার বাড়ি যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বেপরোয়া বাসের সঙ্গে আজিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের চাকায় পিষ্ট হয়ে আজিজ ঘটনাস্থলে নিহত হলেও বেপরোয়া বাসটির সঙ্গে আটকে যাওয়া মোটরসাইকেলটি কয়েক কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে মোটরসাইকেলটি ফেলে বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মহাসড়কের মুন্ডুপাশা জড়ো হয়। সময় মহাসড়কে সাকুরা পরিবহন নিষিদ্ধ করার দাবিতে অবরোধ এবং বিক্ষোভ করে তারা। উজিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই মো. শামীম জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাস এবং এর চালককে আটকের চেষ্টা চলছে বলে জনান তিনি। সাইফ আমীন/এমএএস/পিআর