খেলাধুলা

সার্বিয়ার হয়ে আর খেলবো না: ইভানোভিচ

নিজ দেশের হয়ে আর খেলবেনই না টেনিসের গ্ল্যামার গার্ল আনা ইভানোভিচ। সিদ্ধান্তটা জানিয়ে দিলেন নিজ দেশের টেনিস ফেডারেশনকে। বুধবার সার্বিয়ান মিডিয়ার মাধ্যমেই ছড়িয়ে পড়ে তার এই সিদ্ধান্তের খবরটি। তবে ইভানোভিচের হঠাৎ এই সিদ্ধান্তে অবাকই হয়েছেন সবাই। কেন হঠাৎ করে দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিলেন তিনি? বোধগম্য নয় কারও কাছেই। তবে জানা গেছে, ইভানোভিচের কাছ থেকে হঠাৎ এই সিদ্ধান্ত শোনার পর সার্বিয়ার টেনিস ফেডারেশন বার বার তাকে বোঝানোর চেষ্টা করেছে, যাতে তিনি সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেন; কিন্তু ইভানোভিচ নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন। সার্বিয়ার চ্যানেল বি৯২ জানিয়েছে, ‘রীতিমত ব্যর্থ হয়েছে টেনিস ফেডারেশন।’সার্বিয়ার টেনিস টিম কোচ তাতজিনা জেকমেনিকা ইভানোভিচের এই রিপোর্ট শোনার পর নিজের হতাশার কথা প্রকাশ করেন। একই সঙ্গে এটাও জানিয়ে দেন, ইভানোভিচকে ছাড়া জাতীয় দল খুব বেশি শক্তিশালি হবে না। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, তখন সার্বিয়া জাতীয় দল গঠন করার ক্ষেত্রে তাকে বাদ দিয়েই সামনে এগুতে হবে তাতজিনাকে।সাবেক নাম্বার ওয়ান আনা ইভানোভিচ, সার্বিয়া টেনিসে জাতীয় দলের হয়ে শক্তিশালি এক খেলোয়াড় ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৯টি ম্যাচ। যদিও দেশের হয়ে তার সেরা সাফল্য হলো ২০১২ ফেড কাপে চেক রিপাবলিকের বিপক্ষে দেশকে ফাইনাল খেলিয়েছিলেন তিনি। যদিও সেবার রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইভানোভিচকে।আইএইচএস/এবিএস