বিনোদন

বৈশাখে রাকিব মোসাব্বিরের বিরহের জাদুঘর

অবশেষে পহেলা বৈশাখ উপলক্ষে সিডি আকারে মুক্তি পাচ্ছে রাকিব মোসাব্বিরের নতুন অ্যালবাম ‘বিরহের জাদুঘর’। এক বছর আগে অ্যালবামটি ডিজিটাললি মুক্তি দেয় নতুন অডিও প্রযোজনা সংস্থা ‘ইউ ফ্যাক্টর’। রাকিব জানান, অ্যালবামটি প্রথমে ‘প্রিয়তমা’ নামে প্রকাশের কথা থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘বিরহের জাদুঘর’ রাখা হয়েছে। এখানে মোট ৯টি গান শুনতে পাবেন শ্রোতারা। তার মধ্যে পাচঁটি গান গেয়েছেন রাকিব নিজেই, বাকী গানগুলো গেয়েছেন কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের কন্ঠশিল্পীরা। অ্যালবামের সবগুলো গানের সংগীত পরিচালনা করেছেন রাকিব মোসাব্বির। গান লিখেছেন মহসিন মেহেদী, কলকাতার অধ্যায়ন ধারা এবং রাকিব মোসাব্বির। এছাড়াও অ্যালবামটিতে একটি করে লালনগীতি, রবীন্দ্রসংগীত এবং রাধা-রমনের গান রয়েছে। রাকিব মোসাব্বির আরও জানান, এখন থেকে প্রতিবছর ৫ থেকে ৬টা অ্যালবাম প্রকাশ করবেন। তার অর্ধেক অ্যালবাম বের হবে বিভিন্ন অডিও প্রযোজনা সংস্থা থেকে এবং বাকী অর্ধেক বের হবে তার নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা ‘টোন ফেয়ার’ থেকে। ইতিমধ্যে টোন ফেয়ার থেকে ‘তুমি জানো না’ নামে তার সুর সংগীত ও কণ্ঠের একটি গান মিউজিক ভিডিও অনলাইনে মুক্তি পেয়েছে। এছাড়া টোন ফেয়ার থেকে আরও চারটি অ্যালবাম সিডি আকারে মুক্তির প্রতীক্ষায় রয়েছে। সেগুলো হল- ‘মন পাখি’, ‘রামু মিক্স’, ‘মন যে দেওয়ানা’ ও ‘সাজনা’। প্রসঙ্গত, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রাকিব মোসাব্বির গেল বছর সংগীতে বিশেষ অবদানের জন্য ‘কাগজ-কলম বিজনেস অ্যাওয়ার্ড’ পুরস্কার পান।এলএ/পিআর