দেশজুড়ে

যবিপ্রবির পাঁচ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলসহ বহিরাগত গ্রামবাসী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এতে বাদলকে চাকরি থেকে বহিষ্কার এবং এক ছাত্রের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ মোট পাঁচ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।যবিপ্রবি সূত্র মতে, ২০১৫ সালের ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদল বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মচারীরা আহত হয়। পরিস্থিতি সামল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। আর দোষীদের চিহ্নিত করতে গঠিত হয় তদন্ত কমিটি। ওই কমিটির দেয়া প্রতিবেদন শনিবার বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সভায় উত্থাপন করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল। প্রতিবেদনে জিইবিটি বিভাগের মাস্টার্সের ছাত্র নাসির উদ্দীন বাদলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আর মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র কামরুজ্জামান কামাল ও জিইবিটি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাশিদুজ্জামান রাজনকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছর বহিষ্কারের সুপারিশ গ্রহণ করা হয়। এছাড়া মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্সের ছাত্র  রুমেল পারভেজ ও মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাজেদুর রহমান শপুকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কারের সুপারিশ করে কমিটি। অন্যদিকে, জ্যেষ্ঠ সিনিয়র নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করে। রিজেন্ট বোর্ড এই সব সুপারিশ গ্রহণ করে সকলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলা জানানো হয়েছে। মিলন রহমান/এআরএ/আরআইপি