যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানকারীদের হামলায় বিজিবির এক সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের লেবুতলা বিজিবি পোস্টে হামলার এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১৫ জনের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।আহত বিজিবি সদস্য হলেন, লেবুতলা পোস্টের নায়েক মোমিন (৪৬)। এ ঘটনায় করা মামলার আসামিরা হলেন, সাদীপুর গ্রামের শামিম (৩৮), নিয়ামত (৪০), হাফিজুর (৪২), আক্তার (৩৭), আজগার (৪২), নুর হোসেন (৪০), বাবু (৩৯), টুকু (৩৫), শিমুল (৪০) ও মুন্না (৩৮)। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মহাসিন আলী জানান, ভোর রাতের দিকে একদল চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে লেবুতলা পোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেস্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা চোরাচারানকারীদের ধাওয়া করলে চোরাচালানকারীরা একজোট হয়ে বিজিবি সদস্যদের ওপর ইট পাথর ছুড়তে থাকে। ইটের আঘাতে ওই পোস্টের নায়েক মোমিন (৪৬) গুরুতর জখম হয়। এসময় তার সঙ্গে থাকা অন্য বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। তার শরীরে ৬টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।তিনি আরো জানান, এ ঘটনায় সকালে বেনাপোল পোর্ট থানায় সাদীপুর গ্রামের ১০ জন চোরাচালানকারীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছে বিজিবি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, বিজিবির পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।জামাল হোসেন/এফএ/এমএস