দেশজুড়ে

পরকীয়ার জের ধরে যশোরে প্রবাসীকে হত্যা

বিদেশ থেকে এক সপ্তাহ আগে দেশে আসা যশোরের শার্শার ফজলুর রহমান (৪০) নামে এক প্রবাসীকে চেতনানাশক ওষধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্ত্রীর পরকীয়ার জের ধরে শুক্রবার ভোরে তাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।নিহত ফজলুর রহমান যশোরের শার্শার বসতপুর গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি ৯ বছর ধরে মালয়েশিয়া ছিলেন।এ ঘটনায় তার স্ত্রী বিলকিস খাতুন ও তার প্রেমিক পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম ওরফে শহীদকে আটক করেছে পুলিশ। বিকেলে নিহতের স্ত্রী বিলকিস খাতুন যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমান জানান, ফজলুর রহমান মালয়েশিয়া থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিলকিস একই গ্রামের পল্লী চিকিৎসক শহীদুল ইসলামের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। গত এক সপ্তাহ আগে তিনি (ফজলুর) বিদেশ থেকে বাড়ি আসেন। বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার সময় স্ত্রী চেতনানাশক ওষধ খাইয়ে স্বামী ফজলুর রহমানকে অচেতন করে। এরপর বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। পরে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। এসময় গৃহবধূ বিলকিস ও পল্লী চিকিৎসক শহীদুল ইসলামকে আটক করা হয়।আটক বিলকিস খাতুনকে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলীর আদালতে নেয়া হলে তিনি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।মিলন রহমান/এআরএ/এমএস