ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম উজ্জল সরদার (২২)। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। অপরজন দ্বীন ইসলাম (১৮) বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।
তিনি জানান, ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন দুজন। পথিমধ্যে গৌরনদীর খাঞ্জাপুর বটতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
শাওন খান/এফএ/এএসএম