দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এস এম আলমগীর হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সীল মারাসহ নানা অনিয়মের অভিযোগে শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে বিএনপির প্রার্থী আলমগীর হোসেন ভোট বর্জনের এ ঘোষণা দেন।এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।আলমগীর অভিযোগ করে বলেন, সকাল থেকেই মাসদাইরস্থ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রসহ এনায়েতনগরের ৯ ইউনিয়নের সব কেন্দ্র দখল করে রাখা হয়। আগের দিন রাতেই ব্যালটে নৌকা প্রতীকে ভোট দেওয়া হয়ে গেছে। আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আমার ব্যালটে নৌকার সিল মারা ছিল। আওয়ামী লীগের লোকজন এসে কেন্দ্র দখল করে নিয়েছে।তিনি আরো জানান, এনায়েতনগর ইউনিয়নে কোনো কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এতে করে নিবর্বাচন সুষ্ঠু না হওয়ায় নির্বাচন থেকে সরে আসতে হয়েছে।প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে তার মধ্যে তিনটিতে নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের তিনজন চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া অপর তিনটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র এনায়েতনগরেই বিএনপি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।সাহাদাত হোসেন/এফএ/এবিএস