স্ত্রীর কথায় ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে পিটিয়ে মা সখিনা খাতুনকে (৫৬) হত্যা করেছে ছেলে শাহিন হোসেন। এসময় তার বাবা বজলুর রহমানকেও মারপিট করেছে সে। যশোরের মনিরামপুরের শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনার পর বৃদ্ধা মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন। সখিনা উপজেলার শ্যামকুড় গ্রামের সরদারপাড়ার বজলুর রহমানের স্ত্রী।এলাকাবাসীর ভাষ্যমতে, শাহিনের স্ত্রী হাফিজা খাতুনের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। সোমবার দুপুরের দিকে শাহিন মাঠ থেকে বাড়ি ফেরেন। এসময় তার স্ত্রী হাফিজা খাতুন মায়ের বিরুদ্ধে স্বামীকে নালিশ করেন। এতে শাহিন ক্ষিপ্ত হয়ে ছুটে গিয়ে মায়ের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। আর বাবা বজলুর রহমানকে মারপিট করেন।এলাকাবাসী জানান, সখিনা খাতুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করায় তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাতে খুলনা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর শাহিন পলাতক রয়েছেন। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।মিলন রহমান/এমএএস/আরআইপি