কোনো অবস্থাতেই নির্বাচনের অনিয়ম বরদাশত করা হবে না। অতীতের নির্বাচনগুলোতে দুঃখজনকভাবে কিছু গোলযোগ হয়েছে। রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে। কিছু মানুষ মারাও গেছে। আর যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাবেদ আলী।ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ নির্দেশ দেন।এসময় তিনি আরো বলেন, কোনো প্রার্থী অভিযোগ করলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে প্রতিনিধি কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে। কোনো দলীয় ব্যক্তিকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব যাতে না দেয়া হয় সে নির্দেশও দেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, ওসি সাখাওয়াত হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সম্পাদক মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুইয়াসহ প্রমুখ ।প্রসঙ্গত, আগামী ২৮ মে আড়াইহাজারের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাহাদাদ হোসেন/এফএ/পিআর