নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গাছের আম পাড়ার অপরাধে তানজিলা (৮) নামে একটি শিশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে লাশ গুম করতে বস্তাবন্দি করে একটি বক্সের ভেতরে লুকিয়ে রাখা হয়। রোববার বিকেল ৪টায় আড়াইহাজার শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ছাদু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত তানজিলা একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। তানজিলার মা হাসনা আরা জানান, স্থানীয় ছাদু মিয়ার গাছ থেকে আম পারে তানজিলা। তাই ছাদু মিয়া তানজিলাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশ গুম করতে বস্তায় ভরে নিজের ঘরের ভেতরে বড় কাঠের বক্সে লাশ লুকিয়ে রাখা হয়। সেখান থেকেই তানজিলার লাশ উদ্ধার করা হয়। এদিকে এ বিষয়ে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। অভিযুক্ত ছাদু মিয়াকে আটক করা হয়েছে। শাহাদাত/এমএএস/এবিএস