শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এস আই টুটুল মুরাদ নূরের সুরে গাইলেন কাওয়ালী গান। খ্যাতিমান গীতিকার শহীদুল্লাহ্ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘পিপাসার পানি’ শিরোনামের এ গান শিগগিরই প্রকাশিত হবে।
পিপাসার পানি গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, কাওয়ালী গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে কাওয়ালী গান ‘পিপাসার পানি’ করলাম। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম।
করোনাকালে ও সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারণে সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চূড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। সৃষ্টিকর্তার আরাধনায় অনন্য সৃষ্টি ‘পিপাসার পানি’। আশা করছি সবার ভালো লাগবে।
সুরকার মুরাদ নূর বলেন, গানটি বহুদিন ধরেই তৈরি করছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে চুড়ান্তভাবে প্রকাশ করতে পারিনি। এরই মধ্যে শহীদুল্লাহ্ ফরায়জী ও মুরাদ নূর জুটির অনেকগুলো গান প্রকাশিত হয়েছে।
একটি কাওয়ালী গান করার পরিকল্পনা আমাদের অনেক দিনের, পরিকল্পনার গায়ক হিসেবে এস আই টুটুলের নামই ছিলো। সময়ের পরিকল্পনা অনুযায়ীই প্রকাশিত হচ্ছে আমাদের ‘পিপাসার পানি’।
গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, আমি কখনোই কাওয়ালী গান লিখিনি, মুরাদ নূরের অনুরোধেই গানটি লেখা। আমাদের সঙ্গে এস আই টুটুল যুক্ত হওয়াতে গানটি পরিকল্পনা অনুযায়ী প্রকাশিত হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিসিয়াল পেইজসহ সব ডিজিটাল মাধ্যমে বন্যা পরিস্থিতি শিথিল হলেই গানটি প্রকাশ পাবে।
এমআই/এমএমএফ/জিকেএস