নির্বাচনী চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার এক পোশাক কারখানায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় কারখানার ভেতরে কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়াস্থ এক্সজোটিভ নিট অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে।পোশাক কারখানার ম্যানেজার মিজানুর রহমান মিন্টু জানান, গত ২৩ এপ্রিল কুতুবপুর ইউনিয়নের নির্বাচনের আগে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (পরাজিত) জাহাঙ্গীর হোসেন তার ছোট ভাই জামানকে কারখানায় পাঠিয়ে নির্বাচনের জন্য এক লাখ টাকা চাঁদা ও গেঞ্জি দাবি করে। সেটা না দেয়ায় তখনই কারখানা মালিক এমরান হোসেনকে হুমকি দেয়া হয়। এসময় বলা হয় নির্বাচনের পর তার পরিনাম ভালো হবে না।এরই জের ধরে মঙ্গলবার ওই কারখানায় জামান, নজরুল ইসলাম নজুসহ আরো ২০/২৫ জন সন্ত্রাসী হামলা চালায়। তখন সন্ত্রাসীরা এমরানকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে যা লক্ষ্যভ্রষ্ট হয়। এতে করে উভয়ের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।এআরএ/এবিএস