দেশজুড়ে

রূপগঞ্জে শ্রমিকদের আবারো মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) পোশাক কারখানায় চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আবারো শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার পৌনে ১১টার দিকে শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দিলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, আউখাব এলাকার হারবেস্ট রিচ (বেনেটেক্স) গার্মেন্টে প্রায় ১১শ শ্রমিক কাজ করেন। শ্রমিকরা গত এক মাস আগে থেকেই কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসছেন। গত এপ্রিল মাসের প্রথম দিকেও গার্মেন্টেসে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিলো। তখন মালিকপক্ষ গত ১০ এপ্রিল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিয়েছিলো। তবে এক মাস পার হয়ে গেলেও শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার কোনো খবর নেই। তাই বাধ্য হয়ে চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আবারো শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। এসময় উত্তেজিত শ্রমিকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের একটাই কথা বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে দাঁড়াবেন না। রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মীর আব্দুল আলীম/এফএ/এবিএস