নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখি পোশাক কারখানায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রাজিব ওরফে কাওছার আহম্মেদ (২৫)। ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত ক্যাডটেক্স পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।রোববার কারখানার লিফটের নিচ থেকে কাওছারের মরদেহ উদ্ধার করে শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান শ্রমিকরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের মরদেহ আটক করে পুলিশে সংবাদ দেয়।নিহত কাওছার আহম্মেদ পটুয়াখালী জেলার কাছিছিড়া গ্রামের হারুন ওরফে শাহজাহান সর্দারের একমাত্র ছেলে। তিনি ফতুল্লায় জনৈক এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।শ্রমিকরা জানান, কাওছার কারখানার সপ্তমতলায় অবস্থিত প্রিন্ট বিভাগে রাত্রিকালিন নাইট ডিউটি করেন। সকালে লিফটের নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় বাঁচানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কাওছার কীভাবে মারা গেছেন তা কেউ বলতে পারছেন না।কারখানার প্রশাসনিক কর্মকর্তা টিপু সুলতান জানান, মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। আমরা খোঁজ-খবর নিচ্ছি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।শাহাদাত হোসেন/বিএ/এমএস