নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৮ জন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খন্দকার শামীম আহাম্মেদ (৩৩) ও খন্দকার শামীম আহাম্মেদের স্ত্রী নাসিমা বেগম (২৫)। তাদের বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন জানান, রাত পৌনে ১১টার দিকে নরসিংদীগামী ট্রাকের সঙ্গে ভুলতাগামী যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই খন্দকার শামীম আহম্মেদ ও তার স্ত্রী নাসিমা বেগম নিহত হন।এ সময় লেগুনাতে থাকা আরো অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও ঢাকাস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত লেগুনা উদ্ধার ও ঘাতক ট্রাক আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায় বলেও জানান এসআই। মীর আব্দুল আলীম/এসএস/এমএস