নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাবো কান্দাপাড়া এলাকা থেকে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ রাজু মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক রাজু মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাজু মিয়া নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মাসাবো কান্দাপাড়া এলাকা থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ রাজু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মীর আব্দুল আলীম/এসএস/এবিএস