ক্যাম্পাস

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেলা ১১টায় অনুষদ ভবনের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, সহ-অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বক্তব্য রাখেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্রের এখনো পরিবর্তন হয়নি। গতকাল তারা শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়াননি। তাহলে কেন তারা নিরস্ত্র শিক্ষকদের লাঠিচার্জ করে? আমরা স্পষ্ট করে সরকারকে বলে দিতে চাই, যদি ইবতেদায়ি চাকরিকে জাতীয়করণ করা না হয়, আমরা আবার রাজপথে নেমে আসবো।

ইবতেদায়ি চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশি বাঁধার সম্মুখীন হন।

মুনজুরুল ইসলাম/জেডএইচ/এএসএম