দেশজুড়ে

‘ট্রেন চালাবেন না’ বললে ক্ষুব্ধ হন যাত্রীরা, পালিয়ে বাঁচলেন চালক

‘ট্রেন চালাবেন না’ বলে নেমে পড়তে চান চালকরা। এসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এক পর্যায়ে দুজন চালক দ্রুত ট্রেন থেকে নেমে পালিয়ে যান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. নাজমুল হক বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে স্টেশনে এসে পৌঁছায়। এছাড়া টাঙ্গাইল থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে স্টেশনে এসে পৌঁছায়। এসময় দুই ট্রেনের চালকরা ট্রেন চালাবেন না বলে নেমে পড়তে চান। তখন যাত্রীরা ভোগান্তির কথা বলে বেশ ক্ষুব্ধ হন। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় দ্রুত ট্রেন থেকে নেমে চলে যান ওই দুই ট্রেনের চালক।

সুপারিন্টেনডেন্ট মো. নাজমুল হক আরও বলেন, দুটি ট্রেনে পাঁচটি করে বগি ছিল। ক্ষুব্ধ যাত্রীদের অনেকে অনলাইনে টিকিট কেটেছিলেন। যাত্রীরা অনলাইনেই দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত পাবেন, এমন আশ্বাসের পর স্টেশন ছেড়ে চলে যান তারা।

এর আগে মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন রেলের রানিং স্টাফরা।স্টাফদের মধ্যে আছেন- চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস