দেশজুড়ে

ডুমুরিয়ায় সরকারের ধান-চাল সংগ্রহ অভিযানে সাড়া নেই

চলতি মৌসুমে খুলনার ডুমুরিয়ায় সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত বছরের ১৭ নভ্ম্বের থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলেও এখনো শূন্যের কোটায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় কৃষকরা সাড়া দিচ্ছেন না।

জানা যায়, চলতি মৌসুমে চাল কেজিতে ৪৭ টাকা, আর ধান ৩৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এর মধ্যে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে ধান ১৪-১৫শ টাকা মন দরে বেচাকেনা হচ্ছে।

কৃষক আমজাদ মিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি। কৃষকদের ধান উৎপাদনে অনেক ব্যয় হয়। শ্রম দিতে হয়। আর বর্তমানে ধানের দাম বেশি হওয়ায় সরকারি দামে ধান দিলে লোকসান গুনতে হবে।

ধান ব্যবসায়ী খোকন মিয়া বলেন, বর্তমান বাজারে ধানের দাম বেশি। কৃষকরা ভালো দামে ধান বিক্রি করে লাভবান হচ্ছেন। এজন্য সরকারি রেটে ধান দিতে চাচ্ছেন না কৃষকরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুলতানা খানম বলেন, এখন পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা সম্ভব হয়নি। ডুমুরিয়া উপজেলায় এবার জলাবদ্ধতার কারণে তুলনামূলক ধান কম উৎপন্ন হয়েছে। আর চলতি মৌসুমে ধান-চালের দর বেড়ে যাওয়ায় সংগ্রহ নিয়ে কিছুটা শঙ্কিত। তবে কৃষকদের মাঝে প্রচার-প্রচারণা করা হচ্ছে।

মো.আরিফুর রহমান/জেডএইচ/এএসএম