ধর্ম

পুরুষের দাড়ির ব্যাপারে ইসলামের নির্দেশনা

নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো দাড়ি রাখা। নবিজি (সা.) নিজে লম্বা দাড়ি রাখতেন এবং সাহাবিদেরও সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা রাখতে, গোঁফ খাট রাখতে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللُّحَى.

অর্থ: আপনারা গোঁফ ছোট করুন এবং দাড়ি লম্বা রাখুন। (সহিহ বুখারি: ৫৫৫৪)

আরেকটি হাদিসে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

خُذُوْا مِنَ الشَّوَارِبِ وَأَعْفُوا اللُّحَى.

গোঁফ কাটুন ও দাড়ি লম্বা রাখুন। (মুসনাদে আহমাদ: ৯০২৬)

এই হাদিসগুলোর আলোকে ইসলামি আইনবিশারদগণ দাড়ি রাখাকে ওয়াজিব বলে অভিমত দিয়েছেন। তবে দাড়ি কতটুকু লম্বা রাখা আবশ্যক, সে বিষয়ে নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি। অনেক আলেমের মতে যতটুকু বৃদ্ধি পায় ততটুকুই রাখতে হবে, দাড়ি কাটা যাবে না।

তবে বেশিরভাগ আলেমের মতে এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলা জায়েজ। কারণ কিছু সাহাবি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটে ফেলতেন বলে বর্ণিত রয়েছে। নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) যখন হজ বা ওমরাহ করতেন, তখন তিনি তার দাড়ি এক মুষ্টি পরিমাণ ধরতেন এবং মুষ্টির বাইরে যা থাকত, তা কেটে ফেলতেন। (সহিহ বুখারি: ৫৮৯২)

ওপরের দুটি হাদিসের সাথে সাহাবিদের এ আমল সমন্বয় করলে বোঝা যায় যে, অন্তত এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা আবশ্যক। তবে এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে ফেলা জায়েজ। কেউ চাইলে তা রেখে দিতে পারেন, আবার চাইলে কেটে ফেলতেও পারেন।

ওএফএফ/জিকেএস