মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ১৯ জনকে আটক
সিমেন্টসহ আটক চোরাকারবারিরা
শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সমুদ্রপথে অবৈধভাবে পাচারকালে অসংখ্য বস্তা সিমেন্ট ও ইঞ্জিনচালিত বোট জব্দ এবং ১৯ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এক হাজার ১৪০ বস্তা সিমেন্টসহ ইঞ্জিনচালিত দুটি বোট জব্দ করা হয়। এসময় ১৯ জন চোরাকারবারিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টহল কাজে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে ৩৮ মাইল দূরে সন্দেহজনক বোট দেখতে পায়। নৌবাহিনী বোটটিতে তল্লাশি চালাতে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন চোরাকারবারিরা।

নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের বোটটি আটক করে। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
অন্যদিকে একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামের আরও একটি ফিশিং বোট আটক করা হয়। এসময় বোটটি তল্লাশি করে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। আটক উভয় বোটের চোরাকারবারি দলের ১৯ জন সদস্যকে আটক করে নৌবাহিনী।
অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন আটক ব্যক্তিরা। পরে জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা
- ২ চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ-যুবলীগের ৮ জন আটক
- ৩ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ ১৯ জনকে আটক
- ৪ তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
- ৫ রাজধানীর পৃথক স্থানে অচেতন অবস্থায় পড়েছিলেন দুই বৃদ্ধ, ঢামেকে মৃত্যু