দেশজুড়ে

না.গঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণধোলাই

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সহকারী শিক্ষক ইব্রাহিম মিয়াকে (৫০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে গোগনগরে তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এদিকে, এ ঘটনার প্রতিবাদে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।স্কুলের প্রধান শিক্ষক রবিন আহমেদ জানান, সকাল থেকে বৃষ্টির কারণে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম থাকায় স্কুল ছুটি দেয়ার প্রক্রিয়া চলছিল। দুপুরে হঠাৎ হৈ হুল্লোড় শব্দ শুনে বের হয়ে এসে দেখি আমাদের এক সহকারী শিক্ষককে মারধর করছে। কেন মারধর করছে তা এখনও পরিষ্কারভাবে কিছু জানতে পারিনি।এদিকে, স্কুলের শিক্ষার্থীরা জানান, আমাদের স্কুলের এক শিক্ষকের বিয়ে ঠিক হয়েছে। সেই আনন্দে শনিবার দুপুরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তখন স্কুলের এক ছাত্রীকে ক্লাশ রুমে একা পেয়ে ইব্রাহিম স্যার ধষর্ণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে  শিক্ষার্থীরা গিয়ে ইব্রাহিম স্যারকে আটক করে এবং কয়েকজন ছাত্র মিলে তাকে গণধোলাই দেয়।অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম জানান, নবম শ্রেণির এক ছাত্রীর খালু আমার কাছে এসে এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনের সময়ের পর করানোর চেষ্টা করে। আমি সেটা ফিরিয়ে দিয়েছিলাম। সেটা নিয়ে সেই পরিবার আমার উপর ক্ষুব্ধ ছিল। এছাড়া ওই ছাত্রীর সঙ্গে এক ছাত্রের সম্পর্ক ছিল। তারা আমাকে পরিকল্পনা মোতাবেক ফাঁসিয়ে দিয়েছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, দুপুরের ঘটনায় স্থানীয়রা ওই শিক্ষককে মারধর করে। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।শাহাদাত হোসেন/এসএস/আরআইপি