নারায়ণগঞ্জের ফতুল্লায় চালকদের আন্দোলনের মুখে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শ্রমিক নেতা আজিজুল হককে রোববার সকালে পুলিশ আটক করে।পরে এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় টায়ার জালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ও গাছ ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করার পর তিন ঘণ্টা আটক রেখে শ্রমিক নেতাকে ছেড়ে দেয়া হয়। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন।আন্দোলনের নেতৃত্বদানকারী ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু বলেন, পুলিশ অহেতুক শ্রমিক নেতা আজিজুলকে আটক করে। তারই প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়। শ্রমিকরা রাস্তায় টায়ার জালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করার তিন ঘণ্টা পর পুলিশ আজিজুলকে ছেড়ে দেয়।তিনি আরো বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচলে বাধা না দিয়ে পুলিশ গাড়ি ভাঙচুর করে। ফতুল্লার বিভিন্ন সড়কে গত কয়েকদিনে পুলিশ কয়েক শত গাড়ি ভাঙচুর করেছে। নিরীহ শ্রমিকদের অটোরিকশা ভাঙচুর করে তাদের পেটে লাথি মারছে পুলিশ।ফতুল্লা মডেল থানার এসআই আমিরুল ইসলাম বলেন, সরকারের নির্দেশে সকালে ফতুল্লার পঞ্চবটিতে অবৈধভাবে চলাচলরত অটোরিকশা বন্ধের অভিযান চালানোর সময় পুলিশের কাজে আজিজুল হক বাধা দেয়। এক পর্যায়ে আজিজুল আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে আজিজুলকে আটক করা হয়।জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচলে মন্ত্রীর নিষেধাজ্ঞার ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ছিল নারায়ণগঞ্জ। শহর ও শহরতলীতে অন্তত ১০ হাজার ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। এর সঙ্গে আরো কয়েকহাজার লোকজন জড়িত। মালিক ও শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করে অটোরিকশা বন্ধ হলে নারায়ণগঞ্জে কয়েক হাজার দরিদ্র মানুষ বেকার হয়ে পড়বে।তবে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, আজিজুলকে আটক নয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু শ্রমিকরা বিষয়টিকে ভুল বুঝে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। পরে আলোচনার প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।শাহাদাত হোসেন/এফএ/পিআর