খেলাধুলা

এলচেকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিরুদ্ধে দাপুটে জয়ের পর সেই ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা লা লিগাতেও। এলচেকে ৩-১ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ালো কাতালানরা।

শনিবার (৩১ জানুয়ারি) লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও মার্কাস রাশফোর্ড গোল করেন বার্সেলোনার হয়ে। এলচের হয়ে একমাত্র গোলটি করেন আলভারো রদ্রিগেজ।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান পাঠান ইয়ামাল।

১৬ মিনিটে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ওলমো। ২৮ মিনিটে তার শট লাগে ক্রসবারে।

বার্সেলোনার দুই মিসের পর ২৯ মিনিটে সমতায় ফেরে এলচে। সতীর্থের পাস ধরে মাঝমাঠ থেকে বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন আলভারো রদ্রিগেয।

প্রথমার্ধে শেষ হওয়ার আগে ৪০ মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি আসে ফেরান তোরেসের পা থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহাকে তুলে নিয়ে রাশফোর্ডকে নামান হান্সি ফ্লিক। ৬২ মিনিটে আরও দুই পরিবর্তন আনেন তিনি। তোরেস ও ওলমোর বদলি হিসেবে নামেন রবার্ট লেভানদোভস্কি ও মার্ক বের্নাল।

বদলি নেমে রাশফোর্ড ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন বার্সেলোনার। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে এলচে।

আইএন