আইন-আদালত

কুমিল্লা-১০: নির্বাচনে বাধা নেই বিএনপির মোবাশ্বের আলমের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন। ফলে তিনি নির্বাচন করতে পারবেন। কিন্তু আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত তার ফলাফল অনিষ্পন্ন থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগ থাকা কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

মোবাশ্বের আলম ভূইয়ার আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, অন্য পক্ষ লিভ টু আপিল করে। সেটি আজকে মঞ্জুর হয়। অর্থাৎ আপিলের অনুমতি দেওয়া হয়।

এফএইচ/এএমএ