খেলাধুলা

শেষ ম্যাচেও অদম্য বাংলাদেশের সাতে সাত

বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে বাছাইপর্বে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেও নিজেদের অদম্য পারফরম্যান্স ধরে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

নেপালের আপার মুলপানিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ডাচদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাটিং করে নেদারল্যান্ডস ৬ উইকেটে ১০২ রান করে। জবাবে ২০ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে ৭টিতেই জিতলো। নেদারল্যান্ডস জিতেছে ৫টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে। 

রান তাড়ায় ৬ রানের মধ্যে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে সোবহানা মোস্তারির সঙ্গে নতুন করে জুটি গড়েন জ্যোতি। দুজনের জুটিতে ৩৭ বলে যোগ হয় ৫৭ রান। ৭ চারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন জ্যোতি। আর মোস্তারি মাঠ ছাড়েন ২৩ বলে ৩৩ রান করে।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস। ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে নেন ৩ উইকেট। নেদারল্যান্ডসকে বিপর্যয় থেকে টেনে তোলেন রবিন রাইকে ও সানিয়া খুরানার ষষ্ঠ উইকেট জুটি। দুজনের জুটিতে যোগ হয় ৭৮ রান। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে।

এসকেডি/আইএন