দেশজুড়ে

ফরিদপুরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ৫২ কারাবন্দি

ফরিদপুর জেলা কারাগারের ৫২ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে পোস্টাল ভোট প্রদানের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ফরিদপুর কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্র জানায়, ফরিদপুর জেলা কারাগারে এক হাজার ২৪৪ জন বন্দি রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ১৯৩ ও নারী ৫১ জন। নির্বাচন কমিশনের ঘোষণার পরপর হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিরা আবেদন করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ করা হয়েছে। এছাড়াও বন্দিদের ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুনের বিষয়ে তাদের অবগত করা হয়েছে।

ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা বলেন, ফরিদপুরে ১৭ হাজার ৯৮৮টি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া যাবে। এরমধ্যে ৫২ জন বন্দিও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম