খেলাধুলা

তৃতীয় ম্যাচেও পাকিস্তানের কাছে নাকানি-চুবানি খেলো অস্ট্রেলিয়া

দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ওটা পাকিস্তানিদের ছিল সবচেয়ে বড় জয়। কিন্তু কে জানতো, পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার জন্য আরও বড় লজ্জা নিয়ে হাজির হবে পাকিস্তানিরা!

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১১ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের করা ২০৭ রানের বিশাল লক্ষ্যের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ১৬.৫ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৯৬ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধরনের একটি ধাক্কা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার ফাখর জামান ১০ রান করে আউট হয়ে গেলেও সাইম আইয়ুব ও বাবর আজমের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোরে স্বাগতিকরা। সাইম ৩৭ বলে ৫৬ ও বাবর ৩৬ বরে ৫০ রান করে আউট হন। মাঝে সালমান আগা করেন ৫ রান। খাজা নাফে আউট হন ২১ রান করে।

শেষ দিকে সাদাব খান ১৯ বলে ৪৬ রানের ঝড় তুললে পাকিস্তানের স্কোর ২০০ পার হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে পাকিস্তান। ২ উইকেট নেন বেন দারসুইস।

জবাব দিতে নেমে মোহাম্মদ নওয়াজের ঘূর্ণি মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৬.৫ ওভারে অলআউট হয় ৯৬ রানে। ৪ ওভারে ১৮ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তিনি। শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টয়নিজ ও ২২ রান করেন ক্যামেরন গ্রিন।

আইএইচএস/