জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম (জেএনইউজিএএন) -এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এটি উদ্বোধন করে। জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় এ প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সংশ্লিষ্টদের অভিনন্দন এবং প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থী-বান্ধব এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুনজাতীয় নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের ছুটি জবিতে প্রথম বর্ষে ভর্তির সাবজেক্ট চয়েজের আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
জকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং ক্যারিয়ার উন্নয়ন ও ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আগ্রহীরা কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের ওয়েবসাইট jnugan.jnucsu.com লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।
অনুষ্ঠানে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করতে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের জন্য এটি অতি প্রয়োজনীয় বলে আমরা মনে করি।
জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে জকসুর নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিএইচকিউ/কেএসআর