ফোক সংগীতভিত্তিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন গাজীপুরের সোহাগ নূরী। প্রতিযোগিতায় জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা প্রথম রানারআপ এবং নওগাঁর এনামুল হক মধু দ্বিতীয় রানারআপ হিসেবে নির্বাচিত হন।
সেরা পাঁচে থাকা অন্য দুই প্রতিযোগী হলেন চুয়াডাঙ্গার রজনী খাতুন (চতুর্থ) ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা (পঞ্চম)।
চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন ৫ লাখ টাকার প্রাইজমানি। প্রথম রানারআপকে দেওয়া হয়েছে ৩ লাখ টাকা, আর দ্বিতীয় রানারআপ পেয়েছেন ২ লাখ টাকা। সেরা পাঁচের বাকি দুই প্রতিযোগীকে উৎসাহ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাজিক বাউলিয়ানার বিচারক বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।
বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা সংরক্ষণ, জনপ্রিয়তা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে ম্যাজিক বাউলিয়ানা। ধারাবাহিকভাবে এটি আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালের আসরটি ছিল পঞ্চম।
গত বছরের আগস্টে শুরু হওয়া এবারের আসরে অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৪০ হাজার প্রতিযোগী অংশ নেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে সেরা পাঁচজন গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন।
এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে লালনকন্যা প্রয়াত ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এলআইএ