শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকা পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ বা পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতি, ঠিকাদারের বিল অনুমোদন এবং বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদ-সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। সেক্ষেত্রে তদন্ত কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালত দুদকের এ আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করে রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
এমডিএএ/একিউএফ